১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন এই মন্ত্রী।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন বক্তব্য দেন অর্জুন সিং।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও হত্যার ঘটনা আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। গত ২৩ নভেম্বর কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, মেঘালয়সহ ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলেও জানান তিনি। তবে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনাকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। দুই বছরেরও বেশি সময় পর দেশে ফেরার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বাংলাদেশকে নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক নেতার সাম্প্রতিক বক্তব্য দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস



