মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

আন্তর্জাতিক ডেস্ক: জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্ব নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। শুধু তাই নয়, তিন বছরের মধ্যে উপযুক্ত সঙ্গী খুঁজে দিয়ে বিয়ের ব্যবস্থা করতে না পারলে গ্রাহকের সাবস্ক্রিপশন ফি পুরোপুরি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীনের একটি ডেটিং অ্যাপ। ‘লিয়াংপেই এআই’ নামের এই অ্যাপটি ঘিরে দেশটিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
গত জুলাইয়ে চালু হওয়া অ্যাপটির বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার টাকা বা ৩০০ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি অনুযায়ী, সাবস্ক্রিপশন নেওয়ার পর তিন বছরের মধ্যে ব্যবহারকারীর বিয়ে না হলে পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
তবে প্রচলিত ডেটিং অ্যাপের সঙ্গে লিয়াংপেই এআইয়ের কার্যপদ্ধতিতে রয়েছে বেশ কিছু পার্থক্য। সাধারণ ডেটিং অ্যাপে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকলেও এখানে একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চলমান পরিচয় শেষ না হওয়া পর্যন্ত নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে না।
যেভাবে জীবনসঙ্গী খুঁজে দেবে এআই
অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, চালুর প্রথম মাসেই যাচাই প্রক্রিয়ায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
নিবন্ধনের পর নতুন ব্যবহারকারীকে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিট কথোপকথনে অংশ নিতে হয়। এ সময় তার পারিবারিক পরিচয়, বেড়ে ওঠা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ব্যক্তিত্ব, আগ্রহ, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চায় এআই।
এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করা হয়। পরে ব্যক্তিত্ব, মূল্যবোধ, পারিবারিক পটভূমি ও জীবনযাপনের সামঞ্জস্য বিবেচনা করে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।
প্রতিষ্ঠাতার লক্ষ্য প্রচলিত ডেটিং ব্যবস্থায় পরিবর্তন আনা
লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে কাজ করেছেন।
জেংয়ের মতে, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা অনলাইন হলুদ পাতার মতো। সেখানে মানুষের সাধারণ পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করার দায়িত্ব ব্যবহারকারীর ওপরই থেকে যায়। অথচ তরুণ প্রজন্মের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পছন্দ, ব্যক্তিত্ব ও জীবনযাপনের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই এআইনির্ভর ম্যাচমেকিং সেবা চালুর উদ্যোগ নেন তিনি।
তিন বছরে বিয়ে না হলে ফেরত মিলবে টাকা
অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো তিন বছরের মধ্যে বিয়ে না হলে সাবস্ক্রিপশন ফি ফেরতের প্রতিশ্রুতি। প্রতিষ্ঠাতা জেংয়ের ভাষ্য, বিয়ে একটি স্বতন্ত্র আইনি বিষয় হওয়ায় অনুমোদিত পদ্ধতিতে ব্যবহারকারীর বৈবাহিক অবস্থা যাচাই করা সম্ভব।
তার মতে, কোনো প্রতিষ্ঠান যদি গ্রাহককে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারে, তাহলে সেই সেবার বিনিময়ে মুনাফা করার যৌক্তিকতা নেই। তাই অ্যাপটি প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দিতে প্রস্তুত তারা।
তবে এ প্রতিশ্রুতি নিয়ে কিছু প্রশ্নও রয়েছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি অ্যাপটির অন্য সাবস্ক্রিপশন প্যাকেজেও একই সুবিধা প্রযোজ্য কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
সম্পর্কের জটিলতায় পরামর্শ দেবে এআই
শুধু জীবনসঙ্গী খুঁজে দেওয়াই নয়, সম্পর্কের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ দেওয়ার জন্য অ্যাপটিতে রয়েছে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামের বিশেষ সুবিধা।
ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে সম্পর্কের বিভিন্ন পরিস্থিতিতে পরামর্শ দেয় এই ফিচার।
এক নারী ব্যবহারকারী তার সঙ্গে পরিচিত হওয়া এক পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এআইয়ের পরামর্শ নেন। তখন এআই জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত। পরে ওই নারী চলমান পরিচয়টি শেষ করে অন্য একজনের সঙ্গে পরিচিত হন এবং উপযুক্ত সঙ্গী খুঁজে পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৩৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী
প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ৯ শতাংশ অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করছেন। এ ছাড়া প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছ থেকে দেড় কোটি ইউয়ান বা প্রায় ২২ লাখ মার্কিন ডলার অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপটির মাধ্যমে এখন পর্যন্ত কতজন সফলভাবে জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কিংবা বিয়ে করেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়নি। তিন বছরের টাকা ফেরতের প্রতিশ্রুতিও এখনো বাস্তবে যাচাইয়ের পর্যায়ে পৌঁছায়নি। কারণ প্রথম দিকের ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের মেয়াদ পূর্ণ হবে ২০২৯ সালে।
প্রযুক্তি ও সম্পর্কবিষয়ক বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে ব্যক্তিত্ব ও জীবনযাপনের সামঞ্জস্য বিবেচনা করে জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ তৈরি হলে তা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, এআইয়ের পরামর্শের নির্ভরযোগ্যতা এবং মানুষের আবেগ ও সম্পর্কের জটিলতা কতটা প্রযুক্তির মাধ্যমে বোঝা সম্ভব—সেসব প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।



