মালদ্বীপে মসজিদ থেকে বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ট্রোকে আরেক প্রবাসীর মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে পৃথক ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি মসজিদ থেকে মোহাম্মদ রেজাউল করিম (৪৬) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। মেডিকেল রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছেন কোরমান (৫০) নামের আরেক বাংলাদেশি।
গত সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানী মালে থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরের রা-আতুলের বাধু দ্বীপের একটি মসজিদ থেকে রেজাউল করিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মেডিকেল রিপোর্টে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
রেজাউল করিমের ছোট মেয়ের জামাতা মালদ্বীপ প্রবাসী নাসিবুল ইসলাম বাংলা টিভিকে জানান, জীবিকার সন্ধানে প্রায় ১৩ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান রেজাউল। বৈধ কাগজপত্র ছাড়াই দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করতেন তিনি। মৃত্যুর আগে বাধু দ্বীপে বাংলাদেশিদের বসবাসরত একটি গেস্টহাউসে রান্নার কাজ করতেন।
নাসিবুল জানান, গত ২৩ নভেম্বর ভোর ৪টার দিকে রেজাউলের রুমমেটরা ফোন করে তাঁকে মৃত্যুর খবর দেন। বর্তমানে তাঁর মরদেহ রাজধানী মালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেছে তাঁর পরিবার।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় আগামী শুক্রবার তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
রেজাউল করিম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, গত রবিবার (২২ নভেম্বর) কোরমান (৫০) নামের আরেক অনথিভুক্ত বাংলাদেশি স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল রিপোর্টেও তাঁর মৃত্যুর কারণ স্ট্রোক বলে উল্লেখ করা হয়েছে।
কোরমানের মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় আগামীকাল বুধবার দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামের মিয়া খানের ছেলে।



