Uncategorized

আইপিএল নিলাম থেকে মুখ ফিরিয়ে নিলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে ঘিরে তৈরি হওয়া সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আসন্ন আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম থাকলেও সেখানে জায়গা হয়নি মোস্তাফিজের। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন।

এর আগে মোস্তাফিজ নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। ফলে শেষ পর্যন্ত তার নাম তালিকায় না আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নিলামে নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ খেলোয়াড়ের ব্যক্তিগত। গত ২৩ নভেম্বর নিবন্ধনের শেষ সময় থাকলেও মোস্তাফিজ নির্ধারিত সময়ের মধ্যে নাম জমা দেননি। এ ক্ষেত্রে বিসিবির কোনো ভূমিকা নেই বলেও জানান তিনি।

তবে মোস্তাফিজের এমন সিদ্ধান্তের পেছনে গত আইপিএলের অভিজ্ঞতা কাজ করেছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সর্বশেষ আসরে তাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি ভালোভাবে নেননি এই বাঁহাতি পেসার। সে কারণেই এবারের আসরে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি তিনি। যদিও এ বিষয়ে মোস্তাফিজ নিজে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

উল্লেখ্য, সর্বশেষ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পান তিনি। আসন্ন পিএসএলেও তাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে।

এদিকে আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের যে ১২ ক্রিকেটার জায়গা পেয়েছেন, তারা হলেন—হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কারা দল পান, এখন সেটিই দেখার অপেক্ষা।

সংশ্লিষ্ট খবর

Back to top button