বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাবিতে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

বাংলা টিভি ডেস্ক: যুদ্ধ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞে হারিয়ে যাওয়া শিশুদের স্মৃতি এবং তাদের অপূর্ণ স্বপ্ন শিল্পের মাধ্যমে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে বিশ্ব শিশুদিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলার উদ্যোগে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের শিকার শিশুদের জীবনসংগ্রাম, বেদনা, স্বপ্ন এবং প্রতিবাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পের ভাষায় শিশুদের ওপর সংঘটিত নির্মমতা ও তাদের হারিয়ে যাওয়া শৈশবের বাস্তবতা তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
একই সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিশুদের নিজেদের সৃজনশীলতা ও ভাবনা প্রকাশের সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এই উদ্যোগ শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বাড়াবে। পাশাপাশি যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে শিল্পের মাধ্যমে মানবিক প্রতিবাদ ছড়িয়ে দিতেও প্রদর্শনীটি ভূমিকা রাখবে।
তাদের মতে, শিশুদের শৈশব, স্বপ্ন ও নিরাপদে বেঁচে থাকার অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা তৈরি করা জরুরি। আর সেই বার্তাই শিল্প ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এই আয়োজন।



