বাংলাদেশ

বগুড়ায় নিহত স্কুলছাত্রের মাকে চাকরি দিলো সিটি করপোরেশন

বাংলা টিভি ডেস্ক: বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বগুড়া নগর ভবনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব। এর আগে স্বামীকে হারানো ইয়াসমিন খাতুন বর্তমানে একমাত্র মেয়েকে নিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় তার জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে চাকরির উদ্যোগ নেয় সিটি করপোরেশন।

নিয়োগপত্র হস্তান্তরের সময় প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, গালিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের সামনে সড়ক অবরোধ করলে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। ওই সময় গালিবের মা ও পরিবারের সদস্যদের অসহায় অবস্থার কথা জানতে পারেন। তখনই ইয়াসমিন খাতুনকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

তিনি আরও জানান, গালিবের বাবা জুলাই আন্দোলনে অংশ নিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তী সময়ে তার চিকিৎসার জন্য সহযোগিতাও করা হয়েছিল। তবে তিনি মারা যাওয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় প্রাণ হারায় গালিব। এ ঘটনায় শিক্ষার্থীরা হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামে।

সিটি প্রশাসক বলেন, ইয়াসমিন খাতুনের শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করেই তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বগুড়া শহরকে নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

চাকরির নিয়োগপত্র পেয়ে আবেগাপ্লুত ইয়াসমিন খাতুন বলেন, কঠিন সময়ে এম আর ইসলাম স্বাধীন তার পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকেও হারাতে হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ইয়াসমিন আরও জানান, নিজের কোনো বাড়ি বা থাকার ঘর নেই। মেয়েকে নিয়ে অন্যের বাসায় বসবাস করছেন। নতুন চাকরি পাওয়ায় তিনি আনন্দিত হলেও ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান।

এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button