বাংলাদেশ

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেপ্তার ২

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীতে আসল সোনা বলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪১টি নকল স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা বারগুলোর গায়ে সোনালি রঙের প্রলেপ থাকলেও পরীক্ষা করে ভেতরে লোহার অস্তিত্ব পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় এসব নকল বার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর দুজনকে আটক করে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে আটকানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে সোনালি রঙের প্রলেপ দেওয়া ৪১টি বারসদৃশ বস্তু রাখা ছিল।

পরবর্তীতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় সোনালি প্রলেপ সরিয়ে দেখা যায়, প্রতিটি বস্তুর ভেতরেই রয়েছে লোহা।

গ্রেফতার দুজন হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলোকে স্বর্ণের বারের আদলে তৈরি করতেন। পরে এসব নকল বার আসল সোনা হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। জাহিদ হোসেন দাবি করেছেন, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে এসেছেন।

পুলিশ জানায়, উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজন ও পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু তৈরি ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button