জাতীয়

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

‎বাংলা টিভি ডেস্ক: শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু এ সুবিধা পাবে।

চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাবও দেন। স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের মতো সহজলভ্য স্থানীয় উপকরণ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দেশের পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান ও রোগ প্রতিরোধী আলু চাষে গুরুত্ব দিতে হবে। কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে। বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।

আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমি আবাদি করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি মা ও শিশুর জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button