জাতীয়

‘দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে’

‎বাংলা টিভি ডেস্ক: দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তির বিরুদ্ধে মাদরাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে যারা গুলি চালিয়েছে, এ দেশের মানুষ তাদের কোনোদিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে।

জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদরাসার ভূমিকার কথা তুলে ধরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাদরাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিলেন, সেদিনই হাসিনার পতন হয়েছিল। তারাও সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।

মাদরাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।

এ ছাড়া সম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া, মাওলানা মো. জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানীসহ দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের আলেমরা।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ মহাসম্মেলনে প্রাক্তন শিক্ষার্থী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদরাসা ময়দানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ আসর মাদরাসার মুহতামিম একরাম হোসাইন ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button