বাংলাদেশ

খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরে একটি গরুর খামারে খাবার দেওয়ার পরপরই অসুস্থ হয়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। খামার মালিকের দাবি, গরুর খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের গাইনিগো দিঘীর পাড় এলাকায় গাজী বাড়িতে আকবর গাজীর খামারে এ ঘটনা ঘটে।

খামারের দায়িত্বে থাকা আমির গাজী জানান, প্রতিদিনের নিয়ম অনুযায়ী শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার খেতে দেন। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলোর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। দ্রুত বিষয়টি খামারের মালিককে জানানো হয়। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মারা যায়। পরবর্তী সময়ে আরও একটি গরুর মৃত্যু হলে মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।

খামার মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে থাকতে পারেন বলে তাঁরা সন্দেহ করছেন। তাঁদের দাবি, এ ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ রয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান বলেন, গরু নিরীহ প্রাণী। তাদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষ প্রয়োগ কিংবা অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা উচিত।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক খামারটি পরিদর্শন করেন। তিনি জানান, মৃত গরুগুলোর রক্ত এবং ব্যবহৃত খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও ক্ষতিগ্রস্ত খামারিরা এখনো তাঁকে সরাসরি কিছু জানাননি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পরিবারটি প্রায় ৩০ বছর ধরে সুনামের সঙ্গে গরুর খামার পরিচালনা করে আসছে। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলে দুধ উৎপাদনেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অন্যদিকে, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারিরা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে গরুগুলোর মৃত্যুর পেছনে বিষ প্রয়োগের অভিযোগের সত্যতা এখনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button