বাংলাদেশ

৩৫ ছাত্রীর কেউ নেই ক্লাসে, সবাই শ্বশুরবাড়িতে

বাংলা টিভি ডেস্ক: যশোরের বাঘারপাড়া উপজেলার দরগাহপুর মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিষ্ঠানটির আলিম দ্বিতীয় বর্ষের ২৭ জন শিক্ষার্থী এবং চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া আটজনসহ মোট ৩৫ ছাত্রীর সবাই বাল্যবিয়ের শিকার হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধনের প্রকৃত তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে তাঁদের বিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে আটজন শিক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি। ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও নিয়মিত ক্লাসে অনুপস্থিতির বিষয়টি সামনে আসে।

মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, বিয়েতে বাধা দিতে গেলে অভিভাবকরা তাঁদের মেয়েদের এই প্রতিষ্ঠানে আর পড়তে পাঠাবেন না। ফলে পরিস্থিতি সামাল দিতে তাঁরা কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না।

অধ্যক্ষ জানান, ২০২৫ সালে ২০২৭ সালের আলিম পরীক্ষার জন্য দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া ২৭ ছাত্রীর সবারই বিয়ে হয়ে গেছে। তাঁদের মধ্যে মাত্র ১০ জন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। চলতি বছর যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরাও সবাই বিবাহিত। বিয়ের পর স্বামীর সংসারের দায়িত্ব সামলে পড়াশোনায় মনোযোগ দেওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফলাফলের চিত্রও বেশ হতাশাজনক। এবারের পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আইসিটির পাশাপাশি ইংরেজি, কুরআন ও হাদিস বিষয়েও ফেল করেছেন।

মাদরাসার উপাধ্যক্ষ নজরুল ইসলাম জানান, ২০২৩ সালে আইসিটি বিষয়ের শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন পদটি শূন্য ছিল। গত ১ জুন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি তৈরি হয়েছে বলে তাঁর ধারণা। এ ছাড়া সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআন বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় প্রাথমিক থেকে আলিম পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা ২৫৪ জন। এর মধ্যে আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন, মাধ্যমিক পর্যায়ে ১১৬ জন এবং বাকিরা প্রাথমিক স্তরে অধ্যয়নরত। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ মোট ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকারি বেতন-ভাতা পান।

স্থানীয় সূত্রের দাবি, আলিম পর্যায়ে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নেন না। বরং শিক্ষার্থীর সংখ্যা ধরে রাখতে পরিচিতজনদের মেয়েদের কাগজপত্র সংগ্রহ করে শিক্ষকদের কেউ কেউ নিজেদের উদ্যোগে ভর্তি করান। ফলে অনেকেরই মাদরাসায় আসা কিংবা পড়াশোনার প্রতি আগ্রহ নেই।

প্রতিষ্ঠানটির এক সহকারী প্রভাষক আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীরা ক্লাসে না এলে তাঁদের পড়ানো সম্ভব নয়। তাঁর দাবি, অধিকাংশ ছাত্রী বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যাওয়ায় নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না।

অন্যদিকে, শিক্ষার্থীদের বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নেওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছে। অধ্যক্ষের বক্তব্য, এ ধরনের বিয়ে বন্ধ করতে গেলে অভিভাবকরা তাঁদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারেন। তাঁর অভিযোগ, জন্মনিবন্ধনের তথ্য উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান জানিয়েছেন, ফলাফল খারাপ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে আগে বৈঠক করা হয়েছে। সরকারি অর্থ ব্যয়ের পরও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। পরে মাদরাসার অধ্যক্ষকে ফলাফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, আলিম পর্যায়ের শিক্ষার্থীদের বয়স সাধারণত ১৮ বছরের নিচে হওয়ার কথা। সে ক্ষেত্রে তাঁদের বিয়ে কীভাবে হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সব মিলিয়ে শিক্ষার্থীদের বাল্যবিয়ে, শ্রেণিকক্ষে অনুপস্থিতি, শিক্ষক সংকট এবং শোচনীয় পরীক্ষার ফলাফল—সবকিছু মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে দরগাহপুর মহিলা আলিম মাদরাসার শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button