
একটি জঙ্গি গোষ্ঠী থেকে বাংলাদেশের খ্যাতনামা ৩ নাগরিককে ‘হত্যারহুমকি দেওয়া হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হত্যার হুমকি দেয়া হয়েছে জানিয়ে থানায় জিডি করেন তারা।
সুলতানা কামাল শনিবার বিষয়টি জানিয়ে ধানমন্ডি মডেল থানায় জিডি করেছেন বলে ওই থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।
মানবাধিকারকর্মী “সুলতানা কামাল আজ দুপুরে থানায় এসে জিডি করেছেন। তিনি বলেছেন,‘লোন উলফ’ নামের একটি জঙ্গি সংগঠন তাদের প্রকাশনায় তিনিসহ আরও দুজনকে (শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন) হত্যার হুমকি দিয়েছে।
“সে প্রকাশনায় এসেছে, তাদের কীভাবে হত্যা করা হবে। এতে উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে তিনি জিডি করেছেন।”
এ বিষয়ে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, রোববার ঢাকায় ফিরে তিনিও নিরাপত্তা চেয়ে জিডি করবেন।
এসময় শাহরিয়ার কবির জানান, সুলতানা কামাল ও মুনতাসীর মামুনকে পুলিশি নিরাপত্তা দিতে আইজিকে দুটো চিঠি দিয়েছেন।
তিনি বলেন,“লোন উলফ তাদের প্রকাশনায় বিস্তারিতভাবে বলেছে, কীভাবে মারতে হবে,মারার প্রস্তুতি কীভাবে নিতে হবে। ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, কোন ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে,অপারেশনের পরে কীভাবে এসকেপ করতে হবে বিস্তারিত লিখেছে।”
শাহরিয়ার কবির বলেন,“এ হত্যার হুমকি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এতে আমাদের বাচ্চাদের খুনি ও সন্ত্রাসী বানাচ্ছে তারা ।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।”
বাংলাটিভি/ফাতেমা



