বাংলাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এক পুলিশকে ঘিরে ধরে মারধর

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে সড়কে ফেলে দেওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের শিকার পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পল্লবী থানা থেকে সংঘর্ষের ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে তার অস্ত্র কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন পুলিশ সদস্য সাইমনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই পুলিশ সদস্য রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার একটি ভিডিও কাছের একটি বাসার বারান্দা থেকে ধারণ করেন এক নারী। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া শুরু করলে কয়েকজন সদস্য আন্দোলনকারীদের মধ্যে আটকা পড়েন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা আশপাশে সরে গেলেও একজন পুলিশ সদস্যকে একদল বিক্ষোভকারী ঘিরে ধরে মারধর করেন।

ওই নারী আরও জানান, পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধরের পাশাপাশি তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে সড়কে ফেলে দেওয়া হয়। পরে কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের দিক পাঠিয়ে দেন।

ঘটনাস্থলের পাশের একটি সুপারশপের কর্মীও মারধরের বিষয়টি প্রত্যক্ষ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি হঠাৎ ওই পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। পরিস্থিতি দেখে দোকানের কর্মীরা শাটার বন্ধ করে দোতলায় চলে যান। এরপরের ঘটনা তারা আর দেখতে পারেননি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পিওএম (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার তৌহিদুল আরিফ জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা তখনো বিস্তারিত অবগত ছিলেন না। খোঁজখবর নিয়ে পরে এ বিষয়ে জানাতে পারবেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কের উভয় পাশে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button