বাংলাদেশ

রামেকে ডেঙ্গুতে মৃত ২২ জনের অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জের

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সর্বোচ্চ ১০ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া পাঁচজন রাজশাহী জেলার বাসিন্দা। হাসপাতালের জেলা ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পর মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এছাড়া নাটোর ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৪৫ দশমিক ৫ শতাংশই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্যদিকে রাজশাহীর বাসিন্দাদের মৃত্যুর হার ২২ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ এই দুই জেলার রোগীদের মৃত্যু মোট মৃত্যুর প্রায় ৬৮ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে নাটোর ও কুষ্টিয়া জেলায় সম্মিলিতভাবে চারজনের মৃত্যু হয়েছে। পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে মারা গেছেন তিনজন। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার রোগীদের মৃত্যুর সংখ্যা অন্য জেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তবে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের কোনো রোগীর মৃত্যুর তথ্য রামেক হাসপাতালের এই পরিসংখ্যানে পাওয়া যায়নি। এসব জেলার ডেঙ্গু আক্রান্ত রোগীরা নিকটবর্তী অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পাঁচজনের মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা।

সংশ্লিষ্ট খবর

Back to top button