
কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীবকে অস্ত্র ও মাদক মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হলে আদালত এই রায় দেন।
এর আগে শনিবার রাতে আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে অস্ত্র ও মাদক আইনে রাজধানীর ভাটারা থানায় দু’টি মামলা দায়ের করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বন্ধুর বাসায় থেকে রাজীবকে আটক করার সময় ওই বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের ‘কথিত’ ছেলে রাজীবের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, খুন, কিশোর গ্যাং, মাদক ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
এছাড়াও, তার বিরুদ্ধে প্রবাসীদের বাসাসহ এলাকার অনেকের জমি দখলের অভিযোগও রয়েছে। শোনা যায় ৬ হাজার টাকার ভাড়া বাসা থেকে এখন থাকেন ৬ কোটি টাকার ডুপ্লেক্স বাড়িতে।
নূর / বাংলা টিভি



