ন্যাম সম্মেলনে যোগ দিয়েছেন শেখ হাসিনা

আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকালে বাকুর কংগ্রেস সেন্টারে ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেন।
এর আগে, চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
পরে সন্ধ্যায় হেয়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যোগ দেবেন সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে। এছাড়াও, ন্যাম সম্মেলনের ফাঁকে বিভিন্ন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত করবেন শেখ হাসিনা।
ন্যাম বিশ্বের ১২০টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত একটি ফোরাম। জাতিসংঘের পর এটি বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোর বৃহত্তম গ্রুপিং। ১৯৫৫ সালে বানডং সম্মেলনে সম্মত নীতিমালা প্রণয়নের পর ১৯৬১ সালে যুগোস্লাভিয়া বেলগ্রেডে ন্যাম প্রতিষ্ঠিত হয়।
সৌরভ নূর / বাংলা টিভি



