
অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাথে বিকাল সাড়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের চলমান মেগাপ্রকল্পে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে গত একমাসের বেশি সময় ধরে আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। ভিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ছাত্রলীগকে দুই কোটি টাকার দিয়েছেন। এর বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে যোগ দেন শিক্ষদের একটি অংশ। ভিসির পদত্যাগ দাবি করেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা থেকে ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। এ সময় বাসার ভেতরে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম অবরুদ্ধ হয়ে পড়ে।
আজ সকালে এ অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মিছিল নিয়ে ভিসির পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা হাজির হন। এ সময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে ছাত্র হাতাহাতির একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।



