উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগে দুদকের মামলা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অপ্রয়োজনীয় এবং অবৈধভাবে উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।
বুধবার সকালে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন সংস্থার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। এ মামলায় ঠিকাদার ও চিকিৎসকসহ মোট ছয়জনকে আসামি করা হয়।
তারা হলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের সহযোগী অধ্যাপক গণপতি বিশ্বাস, গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট মিনাক্ষী চাকমা, সাবেক প্যাথলজিস্ট এ এইচ এম নুরুল ইসলাম,অনিক ট্রেডার্সের মালিক আবদুল্লাহ আল মামুন, আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন ও ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন।
প্রসঙ্গত, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের রোগীকে আড়াল করে রাখার একসেট পর্দা কেনা বাবদ খরচ দেখানো হয়, ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এমন খবর একাধিক গণমাধ্যমে প্রকাশের পর অনুসন্ধানে নামে দুদক।



