কুষ্টিয়ায় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে ‘সমর্পণ’ মাদকাসক্তি মানসিক চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তবে মাদকসক্তি নিরাময় কেন্দ্রর কর্মকর্তাদের দাবি ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায়। পরে সিসি টিভি’র ফুটেজ দেখা যায় ওই ছাত্রকে পিটিয়ে ও ইনজেকশন পুশ করে হত্যা করা হয়।
গত ১৯ নভেম্বর দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুল গ্রামের এজাজুল আজিমের ছেলে কলেজ ছাত্র ইমন আলীকে ভর্তি করা হয় মিরপুর বিজিবি সেক্টর এলাকার সমর্পণ মাদকাসক্তি, মানসিক চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে।
২০ নভেম্বর ওই কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইমনকে মিরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার সকালে সিসি টিভি’র ফুটেজ কলেজ ছাত্র হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে শুরু হয় তোলপাড়।
এদিকে, ইমনের এমন অকাল মৃত্যু পরিবারের সদস্যরা মেনে নিতে না পারলেও মৃত্যু বিধাতার লিখন তাই কাউকে দায়ি না করে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয় মরদেহ। ইমনের বাবা এজাজুল আজিম ইমনের এমন নির্মম মৃত্যুর জন্য দায়ি ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেছেন।
তবে ইমনের মৃত্যু যে স্বাভাবিক নয়, তাকে নির্যাতন করেই মেরে ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া গেছে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ দেখে। ক্যামেরায় পরিস্কার দেখা যাচ্ছে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের দ্বিতীয় তলার একটি কক্ষে বেশ কয়েকজন ইমনকে হাত পা বেঁধে মারধর করছে, শরীরের পুশ করা হচ্ছে ইনজেকশনও।



