
১ ডিসেম্বর। আজ থেকে শুরু হলো বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের মাস । ১৯৭১ সালের এই মাসটি বাঙালি জাতির-জীবনে নিয়ে এসেছিল এক মহান অর্জনের আনন্দ, স্বাধীনতার আনন্দ।
দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর ওই বছরের ১৬ ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিশ্বের বুকে রচিত হয় এক নতুন ইতিহাস। জন্ম নেয় বাংলাদেশ নামে এক স্বাধীন সার্বভৌম দেশ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী সেনা বাহিনী বাংলার নিরস্ত্র জনগণের উপর আক্রমণ সে রাতেই গ্রেফতার হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ চূড়ান্ত রুপ ধারণ করে ডিসেম্বরে।
১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র জনযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়।



