বিপাকে যানবাহন চালক ও যাত্রীরা : পেট্রোল পাম্প ধর্মঘট

১৫ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্ধ রয়েছে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন। ফলে, বিপাকে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। আর দাবি মানা না হলে সারাদেশে একযোগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মালিক ও শ্রমিকরা।
১৫ দফা দাবি বাস্তবায়নে পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে রংপুরে। ভোর থেকে সব পাম্পেই একযোগে এ কর্মসূচী পালন করছে।
বগুড়ায় একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছে যানবাহন চালকরা। সারিবদ্ধভাবে রাখা হয়েছে পেট্রোল, ডিজেলসহ জ্বালানি তেলবাহী ট্যাংকলরি। পেট্রোল পাম্প ও তেলের ডিপো বন্ধ থাকায় তেল না পেয়ে ফিরে যাচ্ছে যানবাহনগুলো।
১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের সব জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সড়কে যান চলাচল কমে গেছে।
ঝিনাইদহে পেট্রোলপাম্পগুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সকাল থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখে কর্মবিরতী পালন করছে মালিক ও শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে মোটর সাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা।
সরকারের দেয়া প্রতিশ্রুতিসহ ১৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে কুড়িগ্রামের পেট্রোল পাম মালিক, ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সম্প্রতি পরিবহন ধর্মঘটের পর এবার পেট্রোলপাম্পের কর্মবিরতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



