প্রবাসে নারী কর্মী নির্যাতন বন্ধে যৌথ বৈঠক

প্রবাসে নারী কর্মী নির্যাতন বন্ধে করণীয় ঠিক করতে যৌথ বৈঠক করবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে এই যৌথ বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ বৈঠক করে, প্রবাসে নারী গৃহকর্মীদের নির্যাতন থেকে রক্ষায়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত নেয়ার সুপারিশ করা হয়।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবে কিছু নারী কর্মী নির্যাতনের শিকার হলেও, তাদের অধিকাংশই ভালো অবস্থানে আছেন। এমন কী তারা নিজেদের আত্মীয় স্বজনদের সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
বৈঠকে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন,বিদেশে কমরত নারী শ্রমিকদের পাশাপাশি পুরুষ শ্রমিকও নির্যাতনের শিকার। তবে এই নির্যানের হার ২ থেকে ৩ শতাংশের বেশি নয়।
অবশ্য সংখ্যায় যাই হোক না কেন কমিটির প্রবাসী শ্রমিকদের নির্যাতনের তথ্য পেলে, সংশ্লিষ্ট গৃহকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ।



