মুদ্রা সংকট সমাধানে লেবানন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লেবানন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার।
লেবাননে বসবারত বাংলাদেশি কর্মীদের মুদ্রা সংকট ও রেমিট্যান্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ-এর সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।
প্রবাসী সাংবাদিক বাবু সাহা জানান, রাষ্ট্রদূত এসব সমস্যা সমাধানে গভর্নরের সাহায্য কামনা করলে তিনি জানান, মুদ্রা সংকট সমাধানের কোন সহজ পথ নেই। এজন্য দ্রুত লেবাননের রাজনৈতিক সমস্যার সমাধান প্রয়োজন। এসময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশটিতে মার্কিন ডলার সংকট দেখা দেয়। আগে লিরাকে ডলারে রুপান্তরিত করতে প্রতি ১০০ ডলারে দেড় লাখ লিরা লাগতো।
ডলার সংকট শুরুর পর তা সাম্প্রতিক সময়ে ২ লাখ ৫০ হাজার লিরা পর্যন্ত ঠেকেছে, যা প্রবাসী বাংলাদেশিদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এখন স্থানীয় মুদ্রা লিরা নিয়ে অস্থির সময় পার করছেন।



