ভোটগ্রহণ চলছে যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে

বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৯টায় থেকে, স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ।
বগুড়া-১ নির্বাচনে মোট ৩ লাখ ১৭ হাজার ৫৬৯ জন ভোটার। ভোটগ্রহণ করা হছে ১২২টি কেন্দ্রে। এদিকে, যশোর-৬ আসনে ২ লাখ ৪ হাজার ৩৯৭ জন ভোটার, সেখানে ভোটকেন্দ্র ৭৯টি।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
বগুড়া-১ আসনটি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে এবং যশোর-৬ আসনটি সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শুন্য হয়।
এদিকে যমুনা নদীর পানি বেড়ে গতকাল সোমবার চারটি ভোটকেন্দ্র প্লাবিত হয়েছে। এসব কেন্দ্র সরিয়ে নতুন বেড়িবাঁধ এলাকায় অস্থায়ী কেন্দ্র করতে হবে বলে বগুড়া-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব মাহবুব আলম শাহ জানিয়েছেন। তিনি বলেন, ‘কমিশন ইতিমধ্যে আমাদের বলেছে, পানি বাড়তে থাকলে বিকল্প প্রস্তাব দ্রুত অনুমোদন দেবে।’
বিএনপি ও জাতীয় পার্টি-জাপার প্রার্থী থাকলেও ভোট নিয়ে তাদের অনীহার মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীর জন্য এটা হতে যাচ্ছে অনেকটা ‘আনুষ্ঠানিকতার’ নির্বাচন। বিএনপি বলছে, এ সময় ভোটে অংশগ্রহণ থাকবে না; আর জাতীয় পার্টি ভোট পেছানোর দাবি জানিয়ে সাড়া পায়নি।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে অনুষ্ঠিত তিন উপনির্বাচনের মধ্যে ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনে ভোট পড়েছিল শতকরা মাত্র ৫ ভাগ। আর ব্যালটের ভোটে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপস্থিতি ছিল যথাক্রমে ৬০ ও ৬৯ শতাংশ।
প্রসঙ্গত, ১৮ জানুয়ারি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি একই দলের ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।



