অন্যান্যবাংলাদেশ

বাংলাদেশকে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার দিলো ভারত

আসন্ন ঈদ সামনে রেখে বাংলাদেশকে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার দিলো ভারত। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ইঞ্জিনগুলো হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এই উপহার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত দেন দু’দেশের প্রতিনিধিরা।

২০১৯ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে, বাংলাদেশকে রেল ইঞ্জিন ‍উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ধারাবাহিকতায় দুপুরে, ১০টি ব্রডগেজ ইঞ্জিন বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর ও রেল, শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাংলাদেশ সরকারের পক্ষে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত ও বাংলাদেশের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। পাশাপাশি, এই উপহার প্রদানের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও সবাই আশা ব্যক্ত করেন।

এ সময়, ঐতিহাসিক মুজিববর্ষে এ জাতীয় আরও মাইলফলক অতিক্রম করার প্রত্যাশার কথাও জানান দুই দেশের প্রতিনিধিরা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button