
শনিবার পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশ ও দেশের বাইরের সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে ছয়টি ঈদ জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৭টা ৫০, ৮টা ৪৫, ৯টা ৩৫, ১০টা ৩০। আর ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ উদযাপিত হবে বলে জানানো হয়। এছাড়া করোনা সংক্রমণরোধে জাতীয় ঈদগাহ ময়দান খোলা মাঠ বা উন্মুক্ত স্থানের পরিবর্তে ঈদের নামাজ মসজিদে আদায়ের নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।



