
ধর্মীয় রীতি অনুযায়ী ঈদের তৃতীয় দিনেও রাজধানীসহ বিভিন্ন স্থানে অনেকেই পশু কোরবানি দিয়েছেন। আর প্রতিশ্রুতি অনুযায়ী মহানগরীর বিভিন্ন স্থানে কোরবানি পশুর বর্জ্য অপসারণে তৎপর ছিলো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
ঈদের নানা ব্যস্ততা কিংবা কসাই না পাওয়ায় আজও অনেকেই পশু কোরবানি দিয়েছেন। কেউ কেউ আবার পারিবারিক ঐতিহ্য রক্ষায় আজকের দিনটি কোরবানি জন্য বেছে নিয়েছেন।
পশু কোরবানির মাধ্যমে মানুষের ভেতরে থাকা কুপ্রবৃত্তি, লোভ, মোহ, পরনিন্দা ত্যাগ করে সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জনই কোরবানির মূল উদ্দেশ্য বলে জানান ধর্মপ্রান মুসুল্লিরা। তবে করোনা মহামারীর কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদের তৃতীয় দিনে কোরবানি অপেক্ষাকৃত কম হয়েছে।
এদিকে, সকালে থেকে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছনতা কর্মীদের। নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছেন এসব পরিচ্ছন্ন কর্মীরা।
এছাড়া করোনা সংক্রমণ রোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি বর্জ্য অপসারণেও তৎপর ছিল সাধারণ মানুষ।
আরমান কায়সার, বাংলা টিভি



