লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখায় সন্তোষ প্রবাসীদের

বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, আনন্দ প্রকাশ করেছেন সিলেট অঞ্চলের বিলেত প্রবাসীরা। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা।
সরাসরি ফ্লাইটে সিলেটে যেতে আর কোন বাধা থাকলো না বিলেতে বসবাসকারী সিলেট অঞ্চলের প্রবাসীদের। এখন থেকে এ রুটে সিলেটের যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ক্লেইম করতে হবে না; সিলেটে যেতে নিতে হবে না নতুন বোর্ডিং পাসও।
এদিকে, সরাসরি ফ্লাইট চালু রাখার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট অঞ্চলের বিলেত প্রবাসীরা।
এর আগে, করোনা নিয়ন্ত্রণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে গেলো ১৬ জুলাই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত হয় এবং ২৬ জুলাই থেকে তা কার্যকরও করে বিমান কর্তৃপক্ষ।
হাকিম মোড়ল, বাংলা টিভি



