
পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যার দ্রুত বিচার দাবি করেছেন তার পরিবার। রাজধানীর উত্তরায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এদিকে, পুলিশের কাজে বাধা ও মাদক মামলায় জামিন পেয়েছেন সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত।
পুলিশের গুলিতে নিহত সিনহার স্বজনদের সান্তনা দিতে সকালে তার উত্তরার বাসায় যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার কর্মকর্তারা। পরে, সিনহা হত্যার দ্রুত বিচারের দাবিতে সকালে পরিবারের পক্ষ থেকে উত্তরার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় সিনহাকে হত্যার পর পুলিশ একাধিকবার ফোন করলেও হত্যাকান্ডের বিষয়ে কিছু জানায়নি অভিযোগ করে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেন তার পরিবার।
এদিকে, সোমবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এর সহযোগী ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতের জামিন মঞ্জুর করা হয়।
এ সময় সিফাতের বিরুদ্ধে দায়ের করা পুলিশের কাজে বাধা ও মাদক মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। এর আগে সোমবার দুপুরে জামিন পান সিনহার দলে থাকা আরেক সদস্য শিক্ষার্থী শিপ্রা দেবনাথ।



