বঙ্গবন্ধুর খুনির রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগ নেয়ায় সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। এর ফলে শেষ পর্যন্ত রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও আশা করেন তারা।
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আন্দোলন করে আসছিলেন প্রবাসীরা। নতুন করে রাশেদ চৌধুরীর মামলাটি চালু হলে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির ভেতর আলোচনা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর বিভিন্ন সংগঠনসহ রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য যারা দীর্ঘদিন যাবত কাজ করেছিলেন তারা সবাই যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রবাসীরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নী জেনারেল উইলিয়াম বন্ড নতুন করে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর ফাইল পুনরায় খুলেছেন এবং তারা আশা করেন, তার সমস্ত খুঁটিনাটি পরীক্ষা করে এবং তার দণ্ডিত যে অপরাধ সে অপরাধের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।



