গভীর সমুদ্রে টুনা মাছ আহরণসহ ৭ প্রকল্পের অনুমোদন

গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্পসহ ৩ হাজার ৪৬৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। গভীর সমুদ্রে টুনা মাছ আহরণে প্রস্তাবিত ব্যয় ৬১ কোটি ৬ লাখ টাকা। কৌশল শেখাতে প্রশিক্ষক আনা হবে ভারত ও শ্রীলঙ্কা থেকে।
প্রকল্পের আওতায় দেশে মাছ উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে কয়েকটি জাহাজ কেনার পরিকল্পনা করছে মৎস্য অধিদপ্তর। চলতি মাস থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এছাড়া একনেক সভায় বিশ্বব্যাংকের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।



