ফুলপুরে মাইক্রোবাস পুকুরে, নিহত ৮

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে শিশুসহ ৮ জন নিহত হয়। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।
হতাহতরা সবাই এক পরিবারের। নিহতদের মধ্যে- পাঁচ নারী, দুই পুরুষ ও এক শিশু রয়েছে। তাদের ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রেজিয়া খাতুন (৭০), পারুল (৪৫), বেগম (৩০) ও রিপা (২৫)।
ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, স্বজনের মৃত্যু সংবাদে গফরগাঁও থেকে শেরপুরের নালিতাবাড়ীতে যাওয়ার পথে ফুলপুরের বাশাঁটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়।
গুরুতর অবস্থায় এক শিশুসহ চার জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদেরও মৃত ঘোষণা করা হয়। ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।



