বন্যার উন্নতি হলেও স্বাভাবিক হয়নি দূর্গতদের জীবনযাত্রা

দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো স্বাভাবিক হয়নি দূর্গত এলাকার মানুষের জীবন-যাত্রা। তবে কিছু জেলায় প্রবল বৃষ্টিতে আবারো বন্যার আশঙ্কায় দেখা দিয়েছে।
কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও এখনো স্বাভাবিক হয়নি চরাঞ্চলের ৪ শতাধিক মানুষের জীবন-যাত্রা। অর্থের অভাবে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িতে খাদ্যসংকট নিয়ে দিন কাটছে তাদের। এদিকে, মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি কমতে থাকায় তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদী তীরবর্তী জেলার ৬টি উপজেলার শতাধিক গ্রামবাসী। দূর্ভোগ কমেনি পদ্মার চরের বানভাসিদের।
অন্যদিকে, বেড়েই চলেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় হার্ডপয়েন্ট এলাকায় ৭ এবং কাজিপুরে বেড়েছে ৪ সেন্টিমিটার। গতকাল মধ্যরাত থেকে বৃষ্টি হওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখনো পানিবন্দী রয়েছেন চর ও নিম্নাঞ্চলের প্রায় সোয়া ৫ লাখ মানুষ।
অপরদিকে, মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচা যমুনা পয়েন্টের পানি আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ঘন্টায় এ পয়েন্টে ৮সেন্টিমিটার পানি বেড়েছে। তবে তা বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে যমুনা পাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যা আতংক বিরাজ করছে। এখনো জেলার প্রায় ১শ বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত রয়েছে।



