
ইতালীর সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত ফ্লাইট চালু করার দাবী নিয়ে মানববন্ধন করেছেন দেশে আটকে পড়া ইতালী প্রবাসীরা।
জানা যায়, গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় ৫ শতাধিক ইতালী প্রবাসী একজোট হয়ে একটি মানববন্ধন করেন। এসময় প্রবাসীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ঢাকার ইতালী দূতাবাসে দুটি চিঠি দিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত বিমান চলাচল চালুর আহবান জানান।
এছাড়া করোনা ভাইরাসের কারণে দেশে আটকা পড়ায় যেসব প্রবাসীর বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা রি এন্ট্রি ভিসা ছাড়াই ইতালী প্রবেশের অনুমতি দেয়ার অনুরোধ জানান। এসময় প্রবাসীদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের হাতে চিঠি হস্তান্তর করেন ইতালী বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জিএম কিবরিয়া।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৭ সেপ্টেম্বরের পর যেন ইতালী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আর না বাড়ায় সে ব্যাপারে ইতিমধ্যেই ইতালীর সাথে কূটনৈতিক আলোচনা শুরু করা হয়েছে।
উল্লেখ্য, করোনার আগে দেশে ছুটি কাটাতে এসে প্রায় ১০ হাজার ইতালী প্রবাসী আটকে আছেন। এমতাবস্থায় তাদের অনেকেরই ইতালীতে থাকা চাকরী ও ব্যাবসা হুমকির মুখে পড়েছে।



