
করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা চৌধুরী ও তার স্বামী সিইও আরিফ চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে, সব আসামির পক্ষে জামিন আবেদন করেছেন তাদের আইনজীবীরা।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে বেলা পৌনে ১২টায় শুরু হয় শুনানি। এর আগে সকাল ৯টার দিকে কারাগার থেকে আট আসামিকে নেয়া হয় আদালতে।
এ মামলার অন্য আসামিরা হলেন: আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, শফিকুল ইসলাম রোমিও, বিপুল ও জেবুন্নেসা। তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
গত ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ। হিরু তার স্বীকারোক্তিতে জানান, তিনি ভুয়া করোনা সার্টিফিকেটের ডিজাইন তৈরি করতেন, যার সঙ্গে জেকেজি গ্রুপের লোকজন জড়িত। ওই তথ্যের ভিত্তিতে গেল ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।
এ ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনার নাম এলে গত ১২ জুলাই তাকেও গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এ মামলার সব আসামি কারাগারে রয়েছেন।



