ইতালীতে বৈধতা পাচ্ছেন ১৬ হাজার বাংলাদেশি

ইতালীতে বৈধতা পাচ্ছেন ১৬ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত দেশটিতে মোট ১৬ হাজার ১০২ জন বাংলাদেশি, বৈধতার আবেদন জমা দিয়েছেন।
জানা যায়, গত পয়লা জুন থেকে শুরু হওয়া বৈধতা কার্যক্রমের জন্য প্রথম ধাপে ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। ইতালী সরকারের বৈধতা কার্যক্রমে অংশ নেয়ার জন্য, দলে দলে অবৈধ প্রবাসীরা তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালীতে প্রবেশ করতে শুরু করেন।
কিন্তু আইনী জটিলতায় পড়ে নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রবাসীই, নিজেদের কাগজপত্র প্রস্তুত করতে না পারায়, তারা মেয়াদ বাড়ানোর দাবি জানান। এমতাবস্থায় সরকার সময়সীমা বাড়িয়ে ১৫ আগষ্ট পর্যন্ত করে দেয়। এরপর আরো বিপুল সংখ্যক অভিবাসী বৈধতার জন্য আবেদন করেন। বিপুল সংখ্যক বাংলাদেশিও এ কার্যক্রমে অংশ নেন।
কিন্তু দূতাবাস থেকে কাগজপত্র পেতে দেরি হওয়ায়, অনেক প্রবাসীই শেষ পর্যন্ত বৈধতা কার্যক্রমে অংশ নিতে পারেননি। গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত দেশটিতে মোট ১৬ হাজার ১০২ জন বাংলাদেশি, বৈধতার আবেদন জমা দিয়েছেন।



