
অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুর্ভোগে রয়েছে পানিবন্দী হাজারো পরিবার।সাতক্ষীরা আশাশুনি সদর, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে ভাঙনকবলিত এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে, টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে বাগেরহাট সদর মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, সদর উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। ভেসে গেছে এসব উপজেলার অন্তত কয়েক হাজার ঘেরের মাছ। নষ্ট হয়েছে সবজির ক্ষেত। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে সেখানকার বাসিন্দারা।
অন্যদিকে, জোয়ারের নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রাম। বরিশালের কীর্তনখোলা নদীর পানি নগরীতে প্রবেশ করায় অধিকাংশ এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট এখনো পানিতে তলিয়ে।
এছাড়া সাগরে লঘুচাপের কারণে গত কয়েক দিনের টানা বর্ষণ আর জোয়ারের পানিতে পিরোজপুরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারে তলিয়ে গেছে শতশত মাছের ঘের ও ফসলি জমি।



