ক্রয় আদেশ পুনর্বহালে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের যেসব ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরী পোশাক সহ অন্যান্য খাতে তাদের ক্রয় আদেশ বাতিল করেছে, তাদের তালিকা পাঠালে ক্রয় আদেশ পুনর্বহালে সহায়তা করবে দেশটির সরকার।
গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত এক সভায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে।
এ সভায় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, ক্রিস উইলসনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
এসময় বাণিজ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশের জন্য স্থগিতকৃত জিএসপি সুবিধা পুনরায় চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে ঘোষিত বিভিন্ন দেশের জন্য মার্কিন জিএসপি সুবিধা প্রদান প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে।
পরবর্তী প্রকল্প চালু হলে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয় বিবেচনা করা হবে।



