
৪২ বছরে পা দিলো দেশের অন্যতম রাজনৈতিক দল, বিএনপি। প্রায় একযুগ ধরে সংকটের মুখে আছে দলটি। বিএনপি মহাসচিবের দাবি, রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করতেই এ পরিস্থিতির সৃষ্টি। আবারও রাজপথে নামার ঘোষণা দিলেন তিনি।
মির্জা ফখরুলের মতে, নির্বাচনী ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন করা গেলেই শক্তিশালী হবে গণতন্ত্রের স্তম্ভগুলো। আর এতেই মিলবে সংকট থেকে মুক্তি। করোনার পর আবারো ইতিবাচক রাজনীতি নিয়ে রাজপথে থাকার পরিকল্পনায় দল এগুচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।
রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ৭৫’এ দৃশ্যপটে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। একই বছর ৭ নভেম্বর বিএনপির ভাষায় সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার সূচনা ঘটে তার।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর।
১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০ পরবর্তী সময়ে দলটি তিনবার ক্ষমতায় আসে। তবে প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয়বারের মতো কঠিন সময় পার করছে দলটি।
একযুগ ক্ষমতায় না থাকা, শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেও দীর্ঘ দিন ধরে দলের চেয়ারপারসনের অসুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের প্রবাসে অবস্থান দলকে সংকটে ফেললেও বিএনপি মহাসচিবের দাবি, রাজনীতির পরিবেশ না থাকাই তাদের বড় সংকট। আর এ জন্য তিনি দায়ী করেন সরকারের ভূমিকাকেই।
তবে, নেতা-কর্মীরা দাবি করছেন তারা কক্ষচ্যুত হননি। বিরাজনীতিকরণের জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে লড়াই করছেন। আর শীর্ষ নেতারা বলছেন, করোনা মোকাবেলাসহ সামগ্রিক ব্যর্থতায় সরকারবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন দলের মূল লক্ষ্য।



