আইন-বিচারবাংলাদেশ

অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে পুলিশের মামলা

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

রোববার রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মসজিদ কমিটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, বিদ্যুৎ সরবরাহ ও ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণে এই আগুনের সূত্রপাত এবং হতাহতের ঘটনা ঘটেছে।

এই খবরের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ মামলা হয়েছে। তদন্তে যাদের অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলাটির তদন্ত চলছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গের সামনে কফিনের সারি। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম তল্লা মসজিদে বিস্ফোরণে নিহতদের লাশ এসব কফিনে করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগের বিষয়ে ওসি আসলাম হোসেন বলেন, শুক্রবার রাতে শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এ ঘটনায় রোববার দুপুর ১২টা পর্যন্ত এক শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে।

গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ১৪ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। মামলায় অভিযোগ করা হয়েছে, মসজিদ কমিটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, বিদ্যুৎ সরবরাহ ও ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণে এই আগুনের সূত্রপাত এবং হতাহতের ঘটনা ঘটেছে। এই অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button