কাঁঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের মধ্যে সংর্ঘষ

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরির স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।
ফেরিতে বেশি ট্রাক উঠানোর দাবি নিয়ে রবিবার দুপুরে কাঁঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের এ সংর্ঘষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরপর সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সুত্রে জানা যায়, নাব্যতা সংকটের কারনে টানা ৯ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে শুধুমাত্র কেটাইপ ও মাঝারি ২ টি ৫ টি ফেরি চলাচল শুরু করে। রবিবার দুপুরে কে-টাইপ ফেরি কিশোরী শিমুলিয়া থেকে ৩টি ট্রাকসহ যানবাহন বোঝাই করে কাঁঠালবাড়ি ৩ নং ঘাটে পৌছায়।
ফেরিটি আনলোড হওয়ার পর দীর্ঘদিন ধরে ঘাটে আটকা ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবী জানায়। কিন্তু ফেরিটির শুকানি জাকির হোসেন মাত্র ১টি ট্রাক নিতে চায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। সংর্ঘষে উভয় পক্ষ একে অপরের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে।
এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। খবর পেয়ে ঘাটে কর্তব্যরত জেলা পুলিশ ও শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘাটে কর্তব্যরত পুলিশের পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বলেন, ‘ফেরিতে ট্রাক বেশি উঠানো নিয়ে সংর্ঘষ বাধে। ওপার থেকে ৩টি ট্রাক নিয়ে পার হয় ফেরিটি। এপার থেকেও ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবি করে। ফেরি স্টাফদের দাবী নদীতে নাব্যতা সংকট থাকায় বেশি ট্রাক বহন করা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিআইডব্লিউটিসি’র মাদারীপুর কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুল হালিম জানান, ঐ ফেরিটা যাওয়ার পর আর কোনো ফেরি ছেড়ে যায়নি আর শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছেড়েও আসেনি। এখন পযন্ত সকল ফেরি বন্ধ আছে। ডুবচরের পরিস্থিতি ভাল হলে ফেরি চালু করা হতে পারে।’
মেহদী হাসান, মাদারীপুর প্রতিনিধি



