তুরস্কে বাংলাদেশের দূতাবাস ভবন নির্মাণ, উদ্বৃত্ত টাকা ফেরত

তুরস্কে বাংলাদেশের দূতাবাস ভবন নির্মাণ শেষে সরকারকে ২ দশমিক ২৬ কোটি টাকা ফেরত দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারাতে ৪ হাজার ২৮৩ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়। এর নির্মাণকাজ শুরু হয়েছিলো ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর।
এতে রয়েছে অফিস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, ২২৯ আসন বিশিষ্ট মিলনায়তন, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ব্যাবস্থা, মসজিদ, শরীরচর্চা কেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র, পাঠাগার, বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য, একটি শহীদ মিনার সহ আরো অনেক নান্দনিক কারুকার্য। প্রকল্পটির জন্য সরকারী বরাদ্দ ছিলো ৪৫ কোটি ৭৬ লক্ষ টাকা।
উল্লেখ্য, ২০১০ সালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক মিশন নির্মাণের জন্য প্লট বিনিময়ের বিষয়ে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। ওই প্রোটোকলের ফলে তুরস্কের রাজধানীতে বাংলাদেশের দূতাবাস ভবন নির্মাণের জন্য সহজে জমি পাওয়া গেছে।



