
জেনেক্সপার্ট মেশিনের সাহায্যে মাত্র ৪৫ মিনিটেই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে দেশের বেশ ক’টি জায়গায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই প্রক্রিয়া।
আর সরকারি তহবিল বা বিদেশি সহায়তা পেলে, শিগগিরই দেশব্যাপী এর ব্যবহার শুরু করার কথা জানালেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষার ফল পেতে সময় লাগে সাধারণত ২ থেকে ৩ দিন। তবে যুক্তরাষ্ট্র উদ্ভাবিত জেনেক্সপার্ট মেশিনে এ পরীক্ষা করলে, সর্বোচ্চ ৫ মিনিটে নমুনা প্রক্রিয়াকরণ এবং ৪৫ মিনিটে ফলাফল পাওয়া যায়।
নতুন এ পদ্ধতিতে মাত্র একধাপে ভিটিএম টিউব থেকে নমুনা সরাসরি কার্টিজে দিয়ে টেস্ট সম্পন্ন করা হয় এবং ফলাফল কম্পিউটার থেকে সরাসরি পাওয়া যায়।
সম্প্রতি দাতা সংস্থা থেকে প্রাপ্ত ১০ হাজার কার্টিজ দিয়ে দেশের বেশ ক’টি হাসপাতালে চালু করা হয়েছে এ পরীক্ষা কার্যক্রম। এই পদ্ধতিতে কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকায়, মেশিন ব্যবহারেও কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হয় না।
নতুন উদ্ভাবিত এ কার্টিজটি ব্যবহারের জন্য সারাদেশে প্রায় ২৭০টি মেশিন রয়েছে বলে জানিয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, সরকারি-বেসরকারি সহায়তা পেলে পর্যায়ক্রমে সবগুলো মেশিনই কাজে লাগানো হবে।
সারা দেশে ব্যাপক হারে এই পদ্ধতিতে পরীক্ষা হলে করোনা পরীক্ষায় ভোগান্তি কমার পাশাপাশি, এই মহামারী মোকাবেলাও সহজ হবে বলে জানান তিনি।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



