মোট রেমিট্যান্সের অর্ধেকই এসেছে সৌদি, যুক্তরাষ্ট্র ও আমিরাত থেকে

বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা থাকলেও, দেশে মোট রেমিট্যান্সের অর্ধেকই এসেছে তিন দেশ থেকে। সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো ৩টি দেশ হল, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত।
চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা। তার মধ্যে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬৪ লাখ ডলার, যা মোট অংকের ৪৭ দশমিক ৪৯ শতাংশ।
জানা যায়, প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৫০-৬০ হাজারের মতো মানুষ বিদেশে কাজ করতে যান। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি যায় সৌদি আরবে। দেশটি থেকে জুলাই ও আগস্ট মাসে এসেছে ১০৮ কোটি ৩২ লাখ ডলার বা মোট রেমিট্যান্সের প্রায় ২৪ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এসেছে ৫৬ কোটি ৩৩ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে প্রায় ৫২ কোটি ডলার। করোনা মহামারির মধ্যেও চলতি বছরের জুন ও জুলাইয়ে অতীতের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
তবে আগস্টে এসে রেমিট্যান্সের গতি কিছুটা কমলেও, আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সে ২৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। একক মাস হিসাবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।



