কারাগারের নিরাপত্তা জোরদার কোনো উড়ো চিঠির জেরে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে কারাগারের নিরাপত্তা জোরদার উড়ো চিঠি বা ফোন কলের জেরে নয় বলে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কাশিমপুর কারাগারে থেকে যাবজ্জীবন সাজা পাওয়া কয়েদির পালানোর ঘটনায় তদন্ত কমিটির সুপারিশেই এ পদক্ষেপ বলে দাবি মন্ত্রীর। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, ১৩ সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক স্বাক্ষরিত চিঠি পাঠিয়ে কারা নিরাপত্তা জোরদারে তাগিদ দেয়া হয়। চিঠিতে বিশেষ ফোর্স গঠন ও অস্ত্রের নিরাপত্তা, সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা, জঙ্গি, আইএস, শীর্ষ সন্ত্রাসী ও সংবেদনশীল মামলায় আটক বন্দিদের গতিবিধি কঠোর নজরদারিতে রাখাসহ ১৮টি নির্দেশনা দেয়া হয়।
তবে মন্ত্রী বলছেন, ‘উড়ো চিঠি কিংবা কোনো প্রকার বিভ্রান্তিমূলক গুজবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কান দেয় না। আমরা সজাগ আছি। কয়েকটি ঘটনা ঘটেছে সেটা যেন না ঘটে এবং আধুনিক করে নিরাপত্তা ব্যবস্থা যেন ঢেলে সাজানো হয়।’
উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর ছিদ্দিক গত ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে।



