
সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঢাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের সম্মেলন পরবর্তী যৌথ ব্রিফিং একথা জানানো হয়।
শনিবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের শেষ দিনে সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্থানা বলেন সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ভারতীয় সীমান্ত বাহিনীর প্রতিনিয়ত আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। সীমান্তে প্রাণঘাতী যাতে না হয় সেব্যাপারে তাদের স্পষ্ট নির্দেশনা রয়েছে। একইসঙ্গে সীমান্ত হত্যার মতো ঘটনা বেড়ে যাওয়ার জন্য, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমকে দোষারোপ করেন বিএসএফ মহাপরিচালক।
বিজিবি সদরদপ্তরে ১৬ সেপ্টেম্বর থেকে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ৫০তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হলো।



