রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি ৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশ পেয়েছে রিফাত ফরাজি,আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, আয়েশা সিদ্দিকা মিন্নি।
খালাস পেয়েছেন মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। রায় ঘিরে বরগুনার আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। পরদিন রিফাতের স্ত্রী মিন্নি বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
যদিও তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে মিন্নি জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। পরে মিন্নিকেও এই মামলায় আসামি করা হয়।
উল্লেখ্য, মামলার ১০ আসামির মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন। আরেক আসামি মুসা পলাতক। বাকি আসামিরা কারাগারে। অন্যদিকে, এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান।
২০১৯ সালের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।



