শৈলকুপায় ধর্ষণের পর হত্যা: গ্রেফতার ৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী উলফাত আরা তিন্নিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪ আসামি। তবে এই মামলার মূল হোতা তিন্নির বোন মিন্নি ওরফে মুন্নির সাবেক স্বামী জামিরুল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে, শৈলকুপা থানায় ১২ জনকে আসামি করে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নিহত তিন্নির মা হালিমা বেগম। এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে।
উল্লেখ্য, পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করেছে তারই বোনের সাবেক স্বামী জামিরুল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামিরুল ও তার তিন সহযোগী বাড়িতে একবার হামলা চালায়। এরপর রাত ১১টার দিকে তাদের বাড়িতে আবারো সহযোগীসহ প্রবেশ করে জামিরুল।
ছিনিয়ে নেয়া হয় তাদের মোবাইল ফোন। এরপর সহযোগীদের বাইরে রেখে তিন্নির রুমে প্রবেশ করে জামিরুল। রাত ১২টার দিকে জামিরুলের চলে যাবার পর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থার তিন্নির মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।



