
ভিসার মেয়াদ অনুযায়ী টোকেন দেওয়ার দাবিতে, আজ আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সৌদিপ্রবাসী টিকিট প্রত্যাশীরা। এক পর্যায়ে সোনারগাঁ হোটেলের ফটক ভেঙে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে দুপুরের দিকে আরো উত্তপ্ত হয়েছে ওঠে পরিবেশ। কারওয়ান বাজারের পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টোকেন নিতে রোববার সকাল থেকে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ভিড় করেন হাজার হাজার টিকেট প্রত্যাশী প্রবাসী। এ সময় ভীড় সামলাতে হিমসিম খেতে হয় প্রশাসনকে।
টোকেন পাবার নিশ্চয়তা না পাওয়ায় এক সময় বিক্ষোভ শুরু করে টিকিট প্রত্যাশীরা। এক পর্যায়ে সোনারগাঁ হোটেলের ফটক ভেঙে ঢুকে পড়ে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে। এরপর রাস্তার উপর শুয়ে ও বসে বিক্ষোভ শুরু করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
তীব্র যানজট সৃষ্টি হয় কারওয়ান বাজার এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে টোকেনের মাধ্যমে ফিরতি টিকিট দেওয়া শুরু করে সৌদি এয়ারলাইনস।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



