
নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।
সোমবার (৫ই অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন তারা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ-নির্যাতনের কয়েকটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও রবিবার ফেসবুকে ভাইরাল হবার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
এদিকে ওই ঘটনায় নির্যাতিত গৃহবধূ রবিবার রাতে বেগমগঞ্জ থানায় নয়জনের নামে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এ মামলার প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেফতার করেছে।



